নেত্রকোনায় আচ্ছাদন ছাড়াই পরিবহন করা হচ্ছে বালু

আপডেট : ০৭ মার্চ ২০২০, ২১:৪৬

ভোগান্তিতে পথচারী, বাড়ছে পরিবেশদূষণ

শ্যামলেন্দু পাল, নেত্রকোনা প্রতিনিধি

বালু পরিবহনের সময় ত্রিপাল দিয়ে ঢেকে নেবার নিয়ম থাকলেও নেত্রকোনায় ট্রাকচালক বা পরিবহনকারীরা তা মানছেন না বলে অভিযোগ স্থানীয়দের। খোলা অবস্থায় বালু পরিবহন করায় একদিকে যেমন দূষিত হচ্ছে পরিবেশ অন্যদিকে বালুর কণা বাতাসে উড়ে এসে পথচারীদের চোখেমুখে পড়ছে। এতে পথচারীসহ সড়ক সংলগ্ন বাসিন্দাদের ভোগান্তি বাড়ছে। সরেজমিনে দেখা গেছে, জেলার দুর্গাপুর, কলমাকান্দা এবং সদর এলাকা থেকে সড়ক পথে প্রতিদিন শত শত ট্রাক ও অন্যান্য যানবাহনে কোনো রকম আচ্ছাদন ছাড়াই বালু পরিবহন করা হচ্ছে।

নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান নোমান এবং বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রহিম বলেন, বালু পরিবহনের সময় বালু ঢেকে পরিবহনের নিয়ম থাকলেও চালকরা তা মানছে না। ফলে বাতাসে বালু উড়ে এসে পথচারীসহ সড়ক সংলগ্ন বাসিন্দাদের চোখেমুখে লাগছে। পথচারীদের চোখের ক্ষতির পাশাপাশি নষ্ট হচ্ছে পরিবেশ। নেত্রকোনা সদর, দুর্গাপুর এবং কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে কথা বললে তারাও একই কথা বলেন। খোলা অবস্থায় বালু পরিবহনকারীদের বিরুদ্ধে জরুরিভাবে আইনানুগ ব্যবস্থা নেবার জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। নেত্রকোনা জেলা প্রশাসক মঈনউল ইসলাম বলেন, বালু পরিবহনের সময় ত্রিপাল দিয়ে ঢেকে নেওয়ার নির্দেশ রয়েছে। এই ব্যাপারে সময় সময় মোবাইল কোর্টও পরিচালনা করা হচ্ছে।