স্বামী গ্রেফতার
কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা
কলাপাড়ার গামরিবুনিয়া গ্রামের গৃহবধূ চম্পা বেগমকে (৩২) হত্যা মামলায় স্বামী বাবুল হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পাবনার আটঘরিয়া থানার মাছপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নিহত চম্পা বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের কলারং গ্রাম চান মিয়া শিকদারের মেয়ে। ঘাতক স্বামী বাবুল হাওলাদার কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের গামরিবুনিয়া গ্রামের মৃত আ. কাদের হাওলাদারের ছেলে। স্বামীর সঙ্গে পিত্রালয় থেকে আসার পর থেকে নিখোঁজ হওয়ার পর গত ২২ জানুয়ারি উপজেলার চাকমইয়া ইউনিয়নের গামরবুনিয়া গ্রামের একটি ফসলি মাঠে মাটিচাপা দেয়াবস্থায় চম্পার অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। ঐ দিন রাতেই নিহতের বাবা চান মিয়া শিকদার কলাপাড়া থানায় বাবুল হাওলাদারকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান প্রেস ব্রিফিংয়ে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল তার স্ত্রী চম্পা বেগমকে হত্যার দায় স্বীকার করেছে। সে চম্পাকে শ্বাস রোধ করে হত্যার পর মাটিচাপা দিয়ে রাখে।
