ধর্ষণ ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখাল কক্সবাজারের শিক্ষার্থীরা

আপডেট : ০৭ মার্চ ২০২০, ২১:৫০

কক্সবাজার প্রতিনিধি

বাল্যবিবাহ ও ধর্ষণকে ‘লাল কার্ড’ দেখিয়ে দেশপ্রেমের শপথ নিয়েছে কক্সবাজারের ৭০০ শিক্ষার্থী। কক্সবাজার শহরের সৈকত বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে শনিবার সকালে স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও ধর্ষণবিরোধী সভায় শপথ নেয় শিক্ষার্থীরা। টিফিনের টাকায় পরিচালিত লাল-সবুজ উন্নয়ন সংঘের এ সভায় শিক্ষার্থীদের শপথের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন কক্সবাজার সদর থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির। সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমর চন্দ্র দেবনাথের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন লাল-সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল। অনুষ্ঠানে বিদ্যালয়ের সব শ্রেণির প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেয়।