ভেদরগঞ্জে পদ্মায় লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি নিখোঁজ ১

আপডেট : ০৭ মার্চ ২০২০, ২১:৫১

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীতে লঞ্চের সঙ্গে ধাক্কা লেগে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় রাজীব রাঢ়ী (২০) নামের এক তরুণ নিখোঁজ রয়েছেন। রাজীব ভোলা জেলার রহমানপুর থানার বাবুল রাঢ়ীর ছেলে।

শুক্রবার সন্ধ্যায় ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা খালের মুখের পশ্চিম পাশে নড়িয়ার চরআত্রা পয়েন্টের পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর হাওলাদার নামে একজনকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো হাফিজুর রহমান জানান, ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা খালের মুখে পশ্চিম পাশে নড়িয়ার চরআত্রা পয়েন্টে ঢাকা থেকে ছেড়ে আসা আলিবাবা লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি ছয় জন যাত্রী নিয়ে সুরেশ্বর থেকে চরআত্রার দিকে যাচ্ছিল। পাঁচ জন যাত্রীকে স্থানীয় মাছ ধরার ট্রলারের সহযোগিতায় উদ্ধার করা হয়। রাজীব রাঢ়ী নামে এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। লঞ্চটিকে জব্দ করা হয়েছে।