ইত্তেফাক রিপোর্ট
নির্বাচন কমিশন ও প্রশাসনকে চাপে রাখার কৌশল হিসেবে কোনো কোনো দল বা প্রার্থী অভিযোগ করছেন। এটা তাদের কৌশল বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। বড়দিন উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানী ক্যাথলিক চার্চ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।
কমিশনার বলেন, আমরা প্রজাতন্ত্রের কর্মচারী। যারা অভিযোগ করছে, তারা তাদের স্বার্থ চিন্তা করে প্রশাসনকে চাপে ফেলার জন্য মনগড়া ও ভিত্তিহীন অভিযোগ করছে বলে দেখতে পাচ্ছি। তবে ২/৪টা সত্যও রয়েছে। সেগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তা?ত্ক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। নির্বাচনে ভোট চাওয়ায় কোনো প্রতিবন্ধকতা নেই- উল্লেখ করে আছাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা মহানগর এলাকায় নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ইলেক্টোরাল ইনকোয়ারি টিম নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
