ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর গ্রামে মা-বাবার নামে রাজাপুর আনোয়ারা-জামির উদ্দিন উচ্চ বিদ্যালয় স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছে সন্তানরা। রত্নগর্ভা মা প্রাক্তন শিক্ষিকা আনোয়ারা বেগম ও বাবা প্রাক্তন সরকারি কর্মকর্তা জামির উদ্দিন আহমেদের মৃত্যুর পর তাদের স্বপ্নপূরণের লক্ষ্যে সন্তানরা এই উদ্যোগ গ্রহণ করে। সন্তানরা হলেন—প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স রেজিস্ট্রেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মো. হামিদুল হক, হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনালের সিইও হালিমুল হক, পদ্মা বহুমুখী সেতুর কনসালটেন্ট প্রকৌশলী মোজাম্মেল হক সেলিম, সিএমএইচের চিকিত্সক কর্নেল মো. মনিরুল হক, রেহানা বেগম, মিনারা বেগম, লুত্ফা বেগম, সুরাইয়া বেগম।
বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এরই মধ্যে তারা ৪২ শতক জমি দান করেছেন। শিগগির মাটিভরাটের কাজ শুরু হবে। আগামী বছর থেকেই বিদ্যালয় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে শুক্রবার বিকালে রাজাপুর গ্রামের বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে বক্তৃতা করেন প্রকৌশলী মো. হামিদুল হক, সি এ হালিমুল হক, আশা ইন্টারন্যাশনালের চিফ অপারেটিং অফিসার মো. এনামুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, প্রভাষক মো. মোসলেম উদ্দিন সাগর, মুক্তিযোদ্ধা মন্তাজ আলী, শিক্ষক শাহাদত হোসেন, নাজিমউদ্দিন ভরসা, সালাতুর রহমান সবুজ প্রমুখ। সভায় গ্রামবাসীরা বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।
অরুয়াইল ইউনিয়নের রাজাপুর, কাকরিয়া, চর কাকরিয়া ও সিংগাপুর এই চার গ্রামে উচ্চ বিদ্যালয় নেই। প্রায় ৩ কিলোমিটার হেঁটে অরুয়াইলে যেতে হয় ছাত্রছাত্রীদের।
