ডিওয়াই পাতিল টি-টোয়েন্টি কাপে অংশ নিয়েছিলেন স্রেফ ইনজুরি থেকে ফিরে নিজেকে ঝালিয়ে নেওয়ার জন্য। আর সেখানেই গতকাল মুম্বাই বিধ্বংসী এক ইনিংস খেললেন হার্দিক পান্ডিয়া। রিলায়েন্স ওয়ান দলের হয়ে ৫৫ বলে ১৫৮ রান করেন ভারতীয় অল-রাউন্ডার। এই ইনিংসে তার ব্যাট থেকে ২০টি ছক্কা আসে। মানে ১২০ রানই আসে ছক্কা থেকে। ২৬ বছরের ক্রিকেটারের ব্যাটিং দেখতে মাঠে ছিলেন ১৫ হাজার দর্শক। এর আগে প্রথম ম্যাচেই চেনা মেজাজে বিধ্বংসী ব্যাটিং করেন পান্ডিয়া। মাত্র ৩৯ বলে ১০৫ রানের ইনিংস খেলেন তিনি।
