ব্রাজিল দলে ফিরলেন নেইমার

আপডেট : ০৭ মার্চ ২০২০, ২১:৫৮

স্পোর্টস ডেস্ক

চোটের কারণে ব্রাজিলের শেষ দুটো প্রীতি ম্যাচ খেলতে না পারার পর অবশেষে সেলেসাওদের বিশ্বকাপ বাছাইপর্বের দলে ফিরেছেন নেইমার। তবে তার ফেরার সময়ে কোমরের চোটে কপাল পুড়েছে লিভারপুল গোলরক্ষক এলিসন বেকারের। অনুশীলনে পাওয়া চোট লিভারপুল গোলরক্ষককে এক সপ্তাহের জন্যে মাঠের বাইরে রাখবে। তবে ব্রাজিলের ম্যাচ দুটো ছিল আগামী ২৮ মার্চ ও ১ এপ্রিল। তারপরও তাকে দলে না রাখার কারণ জানতে চাইলে কোচ তিতে কোনো প্রশ্নের উত্তর দিতে চাননি।

ব্রাজিল কোচের ভাষায় : ‘আশা করছি সব উঁচুমানের খেলোয়াড় তাদের সেরা ফর্মে থাকবে। খেলোয়াড়দের দলে আনা, কাউকে বাইরে রাখা নিয়ে নিয়মিতই প্রশ্নের জবাব দিতে হয় আমাকে। তার উত্তর দিতে গেলে ৩০০ প্রশ্ন নিতে হবে আমাকে।’ তিনি বলেন, ‘সবসময়ই আমি কঠিন সিদ্ধান্ত নিতে চাই, যেন সবাই ভালো ফর্মে থাকে। নেইমারকে দলে আনা হয়েছে।’ নেইমারের সঙ্গে দলে আনা হয়েছে ব্রুনো গুইমারায়েস, ফেলিপে ও এভারটন রিবেরিওকে। এদের মধ্যে ব্রুনো প্রথমবারের মতো ব্রাজিল দলে ডাক পেলেও ফেলিপের এটি দ্বিতীয়। এদিকে এভারটন ২০১৫ কোপা আমেরিকার পর প্রথমবারের মতো ব্রাজিল দলে এলেন।

ব্রাজিল দল

গোলরক্ষক : ওয়েভারটন (পালেমেইরাস), এডারসরন (ম্যানচেস্টার সিটি) ইভান (পন্তে প্রেতা)। ডিফেন্ডার : দানি আলভেস (সাও পাওলো), রেনান লোদি (অ্যাটলেটিকো মাদ্রিদ), অ্যালেক্স সান্দ্রো (জুভেন্তাস), মারকিনিয়োস (পিএসজি), ফেলিপে (অ্যাটলেটিকো মাদ্রিদ), এডার মিলিতাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (পিএসজি)। মিডফিল্ডার : আর্থার মেলো (বার্সেলোনা), ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ব্রুনো গুইমারায়েস (লিওঁ), ফেলিপে কোটিনহো (বায়ার্ন মিউনিখ), এভারটন রিবেরিও (ফ্ল্যামেঙ্গো), ফাবিনহো (লিভারপুল)। ফরোয়ার্ড : নেইমার (পিএসজি), গ্যাব্রিয়েল জেসাস (ম্যানচেস্টার সিটি), রবার্তো ফিরমিনো (লিভারপুল), গ্যাব্রিয়েল বারবোসা (ফ্ল্যামেঙ্গো) এভারটন (গ্রেমিও), রিচার্লিসন (এভারটন), ব্রুনো হেনরিক (ফ্ল্যামেঙ্গো)।