ম্যানচেস্টার ডার্বি আজ
স্পোর্টস ডেস্ক
ম্যানচেস্টার ইউনাইটেডের জন্যে মৌসুমের শেষ ম্যানচেস্টার ডার্বিটা এর চেয়ে গুরুত্বপূর্ণ সময়ে হতেই পারত না। কোচ ওলে গুনার সোলসারের শিষ্যরা শীর্ষ চার থেকে আছে তিন পয়েন্টের দূরত্বে। আজ নিজেদের মাঠে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারাতে পারলে সেরা চারে থেকে মৌসুম শেষ করার সম্ভাবনা আরো উজ্জ্বল হবে দলটির।
এদিকে সিটির কাছে ম্যাচটা কার্যত মূল্যহীন। লিগ জেতার সম্ভাবনা অনেক আগেই শেষ হয়ে গেছে। বড়ো অঘটন না ঘটলে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করাও নিশ্চিত। আর সেরা চারে থেকে মৌসুম শেষ করলেই বা কি? সামনের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ তো আর খেলা হচ্ছে না!
ব্যাপারটা সিটি কোচ পেপ গার্দিওলার কথায়ও উঠে এলো, ‘অবশ্যই পরিস্থিতিটা ভিন্ন। শিরোপা জিততে না পারলেও আমরা উন্নতি করতে চাই, দ্বিতীয় হয়ে শেষ করতে চাই। তবে তাদের জন্যে ম্যাচটা বেশি গুরুত্বপূর্ণ। কারণ চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার একটা তাড়া আছে তাদের।’
শেষ ৯ ম্যাচে অপরাজিত থেকে নগর প্রতিদ্বন্দ্বিদের মুখোমুখি হচ্ছে ইউনাইটেড। তার ওপর লিগের প্রথম পর্বে সিটিকে তাদেরই মাঠে হারানোর স্মৃতিটা তো এখনো তরতাজা। ম্যাচের আগে সোলসার তাই নির্ভার। সিটিকে আতিথ্য দেওয়ার আগে বরং নিজের খেলোয়াড়ি জীবনের স্মৃতিই হাতড়ে বের করলেন।
সোলসার বলেন, ‘আমি যখন ক্লাবে এসেছিলাম তখনকার চেয়ে এখন এটা অনেক বেশি গুরুত্ববহ। শুরুর দিকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ডার্বি ব্যাপারটা অনুভব করতাম না। এমনকি আমরা খেলা ছাড়ার কয়েক বছর আগে ব্যাপারটা আবারও উঠে এসেছিল, কারণ তখন তারা শীর্ষ পর্যায়ে খেলত না।’
সে সময়টা এখন সুদূর অতীত। মাঝে সিটি আর ইউনাইটেডের লড়াইটা সেয়ানে সেয়ানে হলেও শেষ কিছুদিনে সিটি এগিয়ে গেছে যোজন-যোজন দূরে। এ সময়ে ইউনাইটেড হেঁটেছে পেছনের পায়ে। কোচ সোলসার জানালেন, সিটির মানে ফিরতে দলকে গতি বাড়াতে হবে শিগগিরই।
ইউনাইটেড কোচের কথা, ‘তারা কী হয়ে উঠেছে তা আমরা সবাই জানি। ‘গোলমাল করা প্রতিবেশী’ থেকে তারা দারুণ উন্নতি করেছে। এখন ম্যাচটার বিশালতা আমার জন্যে বেশ বেড়েছে। এখন তাদের দাম্ভিক অধিকার একটা সোমবারের সকাল থেকেও বেশি স্থায়ী। আমাদের গতি বাড়াতে হবে কারণ বেশ কিছু বছর ধরে আমরা তাদের পেছনে আছি।’
তবে সিটি কোচ গার্দিওলার অভিমত, ধীরে ধীরে উন্নতি করছে তার নগর প্রতিদ্বন্দ্বীরাও। তিনি বলেন, ‘আমি দেখছি তারা সোলসারের কথা অক্ষরে অক্ষরে পালন করছে। তারা উন্নতি করছে। সম্ভবত এটাই চলতি মৌসুমে তাদের সেরা মুহূর্ত।’
তবে ডার্বি ম্যাচে জয়ের স্বাদ নিতে উদগ্রীব গার্দিওলাও। স্প্যানিশ কোচের ভাষায়, ‘এটা সবসময়ই খুব ভালো। আমি এটা বেশ পছন্দ করি। এটা সবসময়ই বিশেষ কিছু।’
