স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
অনেক কাঠখড় পুড়িয়ে আজ রবিবার থেকে মাঠে গড়াচ্ছে চট্টগ্রাম প্রিমিয়ার ফুটবল। এম এ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় উদ্ধোধনী খেলায় মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন কাস্টমস স্পোর্টস ক্লাব ও চট্টগ্রাম জেলা পুলিশ ক্লাব। কোয়ালিটি স্পোর্টস ক্লাব নাম প্রত্যাহার করায় এবার ৯ ক্লাবকে নিয়ে হবে লিগ। ৩৬ ম্যাচের এ লিগের বাজেট ৮ লাখ টাকা। এর মধ্যে স্পন্সর জিপিএইচ ইস্পাত দেবে ৩ লাখ টাকা। বাদবাকি অর্থ দেবে আয়োজক জেলা ফুটবল অ্যাসোসিয়েশন। গতকাল শনিবার চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কমিটির সাধারণ সম্পাদক ওয়াহিদ দুলাল।
চট্টগ্রাম ১ম বিভাগ ফুটবলে টানা দ্বিতীয় জয় শতদলের
চট্টগ্রাম প্রথম বিভাগ ফুটবল লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে শতদল ক্লাব। লিগের উদ্বোধনী খেলায় আগ্রাবাদ কমরেড ক্লাবকে ৫-১ গোলে হারানোর পর গতকাল শনিবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে দলটি ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবকে ২-০ গোলে পরাজিত করে। এর আগে লিগের প্রথম রাউন্ডের প্রথম খেলায় বাকলিয়া একাদশ ৪-০ গোলে ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাবকে, রাইজিং স্টার ক্লাব ১-০ গোলে কর্ণফুলী ক্লাবকে হারায়।
আগ্রাবাদ নওজোয়ান ক্লাব ও রেলওয়ে রেঞ্জার্স গোলশূন্য এবং কল্লোল সংঘ ও পটিয়া উপজেলা ক্রীড়া সংস্থা ১-১ ড্র করে।
