স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে তিনি কখনোই বড়ো কোনো তারকা ছিলেন না। ৩১টি টেস্ট আর দুটি ওয়ানডে খেলা কারো ব্যাপারে সেটা বলাও যায় না। তবে, ওয়াসিম জাফর ভারতীয় ঘরোয়া ক্রিকেটের বিশাল এক দানব। কারণ, রঞ্জি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রান করার রেকর্ডটা তার দখলে। তবে, দানবীয় এই ক্রিকেটার গতকাল মাঠের ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এবার তিনি পুরোদমে মনোযোগী হবেন কোচিংয়ে। বিদায়ের ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘স্কুল জীবন থেকে পেশাদার ক্রিকেট —এই লম্বা সময়ে যে কোচদের আমি পেয়েছি, যারা নানাভাবে আমার দক্ষতা বাড়ানোর কাজ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার বাবা চাইত আমি ভারতীয় জাতীয় দলে খেলি। আমি তার সেই স্বপ্ন পূরণ করেছি। আমার ক্যারিয়ারে সবচেয়ে স্মরণীয় মুহূর্ত হলো টেস্ট ক্যাপ পাওয়ার সময়টা।’
প্রথম শ্রেণির ক্রিকেটে জাফর ২৬০টি ম্যাচ খেলেছেন। ৪২১ ইনিংস খেলে তিনি করেছেন ১৯৪১০ রান। সর্বোচ্চ ৩১৪ নটআউট। ৫৭টি সেঞ্চুরি ও ৯১টি হাফ সেঞ্চুরি রয়েছে। সেই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৯৯টি ক্যাচ নিয়েছেন ৪২ বছরের এই ক্রিকেটার। জাফর প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি ১৫০টি রঞ্জি ম্যাচ খেলেছেন। সেই সঙ্গে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে রঞ্জি ট্রফিতে ১২ হাজার রান হাঁকানোর ইতিহাস গড়েন জাফর।
