ফের চিফ অব স্টাফ পদে পরিবর্তন আনলেন ট্রাম্প

আপডেট : ০৭ মার্চ ২০২০, ২২:৩৪

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজে তার চিফ অব স্টাফ পদে পরিবর্তন এনেছেন। এ নিয়ে নিজের ক্ষমতার মেয়াদে চতুর্থবারের মতো এই পদে পরিবর্তন আনলেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ মিক মুলভ্যানিকে সরে যেতে হচ্ছে। তার স্থলে আসছেন নর্থ ক্যারোলিনার কংগ্রেসম্যান মার্ক মিডোস। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে সাংবাদিকদের বলেছেন, চিকিত্সায় আমার বংশগত সক্ষমতা থাকতে পারে। খবর সিএনএন ও ওয়াশিংটন পোস্টের

প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার এক টুইটার বার্তায় মার্ক মিডোসের নাম ঘোষণা করেন। যদিও তিনি এর আগে কংগ্রেস ত্যাগের ঘোষণা দিয়েছিলেন। তবে ট্রাম্প মার্ক মিডোসকে ভারপ্রাপ্ত হিসেবে উল্লেখ করেননি। ১৪ মাসের দায়িত্ব শেষে মুলভ্যানিকে বিদায় নিতে হচ্ছে। ফ্লোরিডার মার এ লাগো রিসোর্টে পৌঁছানোর পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি মার্ক মিডোসের নাম ঘোষণা করতে পেরে আনন্দিত’। তিনি পরিবর্তনের কারণ উল্লেখ করেননি। তবে ট্রাম্প মুলভ্যানিকে ধন্যবাদ জানিয়ে বলেছেন, তাকে নর্দার্ন আয়ারল্যান্ডের বিশেষ দূত করা হবে। মুলভ্যানির আগে রেইন্স প্রিবাস এবং জন কেলি চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেন। পরে তাদেরকে বিদায় জানানো হয়।

চিকিত্সা বিদ্যায়ও দক্ষ ট্রাম্পের পরিবার!

শুক্রবার আটলান্টায় সেন্টার ফর ডিজেস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টার (সিডিসিপিসি) পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি সেখানে চিকিত্সক ও বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের তিনি করোনা ভাইরাস নিয়ে জাতিকে সান্ত্বনা দেন। তিনি বলেন, ‘এখানকার অনেক চিকিত্সক ও বিজ্ঞানীরা আমাকে বলেছেন, আপনি এত বিষয় জানেন কীভাবে? তখন আমি আমার সুপার জিনিয়াস চাচার কথা উল্লেখ করে বলেছি, এক্ষেত্রে হয়তো পারিবারিকভাবেই আমার সক্ষমতা আছে। মানুষ সত্যিই আশ্চর্য হয় আমি এই পেশাটা এত ভালো বুঝি কীভাবে?’ এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, তিনি দুর্ঘটনাবশত রাজনীতিতে এসেছেন।