সাতক্ষীরায় গতকাল শনিবার ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিপক্ষের দ্বিতীয় দফায় হামলায় হাসপাতালে ভর্তি হওয়া দুই জন পালিয়েছে বলে জানা গেছে। এ সময় আহত উজ্জলের কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করা হয়েছে।
জানা যায়, বর্তমান জেলা কমিটিবিহীন ছাত্রলীগের নেতাদের মধ্যে নতুন কমিটির সভাপতি-সম্পাদক পদ নিয়ে আশিক গ্রুপ ও পারভেজ গ্রুপ প্রত্যক্ষ ও পরোক্ষ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। সভাপতি পদপ্রার্থী আশিক জানান, তার সমর্থিত কয়েকজন ছাত্র সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে গল্প করছিল। এ সময় পারভেজ গ্রুপ সমর্থিত ফরহাদের সঙ্গে সিগারেট খাওয়া নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। পারভেজ গ্রুপ সমর্থকরা জানান, আনোয়ার সুমন, দেলোয়ার, আশিক ও আদনান এ হামলার জন্য দায়ী।
উজ্জল জানান, মারপিট ঠেকাতে গেলে তিনিও আহত হন। মারপিটের পর তারা হাসপাতালে গেলে সেখানে আরো এক দফা হামলার ঘটনা ঘটে। আশিক গ্রুপ জানিয়েছে, তার সমর্থকরা পারভেজকে গালাগাল করেছে এমন মিথ্যা অভিযোগ তুলে এ হামলার ঘটনা ঘটে।
সদর থানা পুলিশের এসআই নুর আলম জানান, একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত। মেয়েটিকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১১ জনকে আটক করা হয়েছে।
