বিএনপি এখন নেতৃত্বশূন্য ------------জি এম কাদের

আপডেট : ০৭ মার্চ ২০২০, ২২:৩৭

জাতীয় পার্টির (এ) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বিএনপি এখন নেতৃত্বশূন্য। তাদের একজন জেলে, আরেকজন বিদেশে। তাদের কোনো সাংগঠনিক ভিত্তি নেই। বিপরীতে জাতীয় পার্টি একটি শক্তিশালী সাংগঠনিক দল। এই শক্তি আরো বাড়াতে হবে। দলের নেতাকর্মীরা যে যেখানে আছেন, সেখান থেকেই দলের জন্য কাজ করে প্রয়াত এরশাদের আদর্শ ও কর্ম বাস্তবে রূপ দিতে হবে। তিনি বলেন, জাতীয় পার্টির সূতিকাগার রংপুর। রংপুরের নেতাকর্মীদের প্রতিটি কর্মকাণ্ডের প্রতিফলন হয় পুরো দেশের জাতীয় পার্টিতে। এজন্য রংপুরের জাতীয় পার্টির নেতাকর্মীদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জি এম কাদের শুক্রবার রাতে রংপুর জাতীয় পার্টি কার্যালয়ে মহানগর ও জেলা কমিটির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গত বছরের নভেম্বরে কাউন্সিলে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রথম রংপুর জাতীয় পার্টি অফিসে এলেন তিনি।

এদিকে গতকাল শনিবার সকালে রংপুর মহানগরীর মুন্সিপাড়া কবরস্থানে মরহুম পিতা মকবুল হোসেন ও মাতা মজিদা খাতুনের কবর জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি করোনা ভাইরাস প্রসঙ্গে বলেন, ‘করোনা ভাইরাস খুব দ্রুত ছড়াচ্ছে। আর এ থেকে মানুষ মারা যাচ্ছে। তবে মারা যাওয়ার সংখ্যাটা অতিরিক্ত নয়। একশর মধ্যে ৩ থেকে সাড়ে ৩ ভাগ লোক মারা গেছে। আমি মনে করি, বাংলাদেশের জন্য এটা এত বিপজ্জনক ব্যাপার নয়। তবে সাবধান হওয়া উচিত। সরকার সব ধরনের ব্যবস্থা নিচ্ছে।’ এ সময় উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সভাপতি ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, কেন্দ্রীয় যূগ্ম-মহাসচিব ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, জেলা জাপার সহসভাপতি আজমল হোসেন লেবু, যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ আব্দুর রাজ্জাক প্রমুখ।