করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গতকাল শনিবার বাংলাদেশসহ সাতটি দেশের সঙ্গে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর। অন্য ছয়টি দেশ হচ্ছে ফিলিপাইন্স, ভারত, শ্রীলঙ্কা, সিরিয়া, লেবানন ও মিশর।
কুয়েতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬ মার্চ থেকে আগামী এক সপ্তাহের জন্য এ স্থগিতাদেশ বহাল থাকবে। এছাড়া গত দুই সপ্তাহে বাংলাদেশসহ ঐ সাত দেশে অবস্থানকারীদের কুয়েত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে কুয়েতি নাগরিকরা দেশে ফিরতে পারবেন। তাদেরকে কোয়ারেন্টাইন (রোগ সংক্রমণের আশঙ্কায় পৃথক করে রাখা) প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
প্রসঙ্গত, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা-কুয়েত রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করে থাকে। এদিকে কুয়েতের নিষেধাজ্ঞার কারণে গতকাল শনিবার ও ১০ মার্চের ফ্লাইট বাতিল করেছে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোকাব্বির হোসেন জানিয়েছেন, আমরা কুয়েতের গেজেট হাতে পেয়েছি। এরপরই আপাতত এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে বৃহত্ সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লাগবে। কুয়েতের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত জানার পর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিদ্ধান্ত নেবে।
