রাজধানীর বাহাদুর শাহ পার্ক এলাকায় প্রকাশ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন হেনস্তার ঘটনা ২৪ ঘণ্টা পার হলেও এখনো জড়িতদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। সিসিটিভি ফুটেজে হেনস্তাকারীদের চি?িহ্নত করলেও তাদের গতকাল পর্যন্ত গ্রেফতার করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে ঐ শিক্ষার্থী। এদিকে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
মামলার এজাহার থেকে জানা যায়, শুক্রবার সকালে কলতাবাজার থেকে ঐ নারী শিক্ষার্থী নাটকের রিহার্সেল করার জন্য ক্যাম্পাসে যাচ্ছিলেন। পথে কবি নজরুল সরকারি কলেজের পেছনে তিন রাস্তার মোড়ে দুই জন মোটরসাইকেল আরোহী তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে এবং জনসমাগমের পূর্বেই বখাটেরা মোটরসাইকেলে করে ঘটনাস্থল থেকে পলায়ন করে।
এ ঘটনার ব্যাপারে জানতে চাইলে সূত্রাপুর থানার ওসি কাজী ওয়াজেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক শিক্ষার্থীকে শারীরিক নির্যাতনের অভিযোগ আমরা পেয়েছি। এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষার্থী মামলা দায়ের করেছেন। সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের তিনটি টিমকে আমরা দায়িত্ব দিয়েছি। দ্রুতই দোষীদের গ্রেফতার করতে পারব বলে আশা করছি।
