টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ট্রেন যাত্রী নিহত

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০০:৩৯

টঙ্গীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাকিবুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম থেকে আন্তঃনগর ‘সোনার বাংলা’ ট্রেনে ঢাকা যাওয়ার পথে টঙ্গী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক চাঁদপুর জেলার শাহরাস্তি থানার আজগেরা গ্রামের মো. আব্দুল ওয়াদুদ পাটোয়ারির ছেলে। তিনি চট্টগ্রামের একটি কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।

টঙ্গী পূর্ব থানার ওসি (তদন্ত) মো. জাহিদুল ইসলাম জানান, এক ছিনতাইকারী ট্রেনের জানালা দিয়ে রাকিবুলের মোবাইল ফোনসেট নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সে ট্রেন থেকে নেমে দৌড়ে গিয়ে ছিনতাইকারীকে ধরে ফেলে। ধস্তাধস্তির একপর্যায়ে ছিনতাইকারী রাকিবুলের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাকিবুলকে আশঙ্কাজনক অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।