মগবাজারে কাভার্ড ভ্যান ঢুকে পড়ল বাড়িতে নারীর মৃত্যু

আপডেট : ০৮ মার্চ ২০২০, ০০:৪১

রাজধানীর মগবাজারের নিউ ইস্কাটনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ড ভ্যান বাসাবাড়িতে ঢুকে এক নারীকে চাপা দিয়েছে। এতে মাকসুদা নামে ঐ নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ জন। গতকাল শনিবার রাত ৯টার দিকে হোটেল সোনারগাঁওয়ের পাশের ইস্কাটন রোডের বিয়াম ভবনের গলিতে এ ঘটনা ঘটে। নিহত মাকসুদা বাসাবাড়িতে কাজ করতেন বলে জানা গেছে। আহতরা হলেন—আবদুল হামিদ, বিল্লাল হোসেন, রসুল, আরিফ ও টিয়া খাতুন।

প্রত্যক্ষদর্শী জানান, হঠাত্ করেই হাইম্যাক্স ইউনানি ল্যাবরেটরির একটি কাভার্ড ভ্যান ঐ বাসাবাড়িতে ঢুকে যায়। এ সময় বাসায় থাকা মাকসুদাসহ আরো অনেকে আহত হন। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ছাড়াও বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতিরঝিল থানার ডিউটি অফিসার আরিফ হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।