একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী। গত সোমবার দেশের বিভিন্ন স্থানে সশস্ত্র বাহিনীর ক্যাম্প স্থাপন করার পর থেকে নির্বাচনী এলাকাগুলোতে টহল দিচ্ছে। এর আগে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) ভোট গ্রহণের আগে, ভোট গ্রহণের দিন ও পরে সংশ্লিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নির্বাচন কমিশন এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা দেবে সশস্ত্র বাহিনীর সদস্যরা।
রাজধানীর মিরপুর-২ নম্বর সেকশনে জাতীয় সুইমিং কমপ্লেক্স, দারুস সালাম থানা এলাকায় দারুস সালাম কমিউনিটি সেন্টার, গুলিস্তানে মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম, খিলগাঁও, মোহাম্মদপুর, কোতোয়ালি, ওয়ারী ও উত্তরা এলাকায় সশস্ত্র বাহিনীর নির্বাচনী ক্যাম্প স্থাপন করার তথ্য পাওয়া গিয়েছে।
চট্টগ্রামে সোমবার থেকে নির্বাচনী এলাকা গুলোতে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সশস্ত্র বাহিনী টহল দিয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রামে ১৬টি নির্বাচনী এলাকা রয়েছে। প্রতি আসনে সেনাবাহিনীর দু’টি করে টীম কাজ করছে। প্রতিটি টীমে ৪০ থেকে ৬০ জন সেনা সদস্য থাকবে। চট্টগ্রাম মহানগর এলাকায় ৭টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। চট্টগ্রাম মহানগর ও উত্তর চট্টগ্রামের ৬টি নির্বাচনী এলাকায় চট্টগ্রাম সেনানিবাসের তত্ত্বাবধানে আর দক্ষিণ চট্টগ্রামের নির্বাচনী এলাকা গুলোতে রামু সেনানিবাসের তত্ত্বাবধানে সেনা মোতায়েন করা হয়েছে।
এদিকে, দুর্গম এলাকাসহ ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকায় পর্যাপ্ত সংখ্যক সেনাসদস্য মোতায়েন হয়েছে। নিজ নিজ এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে অস্থায়ী ক্যাম্প গড়ে টহল শুরু করেছেন সেনা সদস্যরা।
