করোনা: লাতিন আমেরিকায় প্রথম মৃত্যু আর্জেন্টিনায়

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১১:৩৫

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে আর্জেন্টিনায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজন মারা গেছেন।শনিবার আর্জেন্টিনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এমনটি বলা হয়। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, ইউরোপ ভ্রমণ করে আসার পর ৬৪ বছর বয়সী ওই ব্যক্তির দেহে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছিল। 
দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে প্যারাগুয়ে, কলম্বিয়া, চিলি ও পেরু সাম্প্রতিক দিনগুলোতে তাদের দেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত করার কথা নিশ্চিত করেছে।

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

ইত্তেফাক/এআর