মুজিবনগরে হাত-পা বাঁধা ব্যবসায়ীর লাশ উদ্ধার

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১২:১৮

মেহেরপুরের মুজিবনগরের মহাজনপুর বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে শনিবার রাতে সুবল চন্দ্র (৬২) নামের এক ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সুভাশ মহাজনপুর গ্রামের বুদু কুরির ছেলে। তিনি মহাজনপুর বাজারে সার, সিমেন্ট ও গ্যাসের ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, সুবল চন্দ্রের মহাজনপুর বাজারের উপর দোতলা বাড়ি আছে, তিনি নিচ তলায় সারের গোডাউন এবং দোকান দিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন এবং দ্বিতীয় তালায় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। প্রতিদিনের ন্যায় শনিবার তিনি নিজ সারের দোকানে বসে  ছিলেন। রাত সাড়ে ৮ টার দিকে সুবল চন্দ্রের স্ত্রী তাকে রাতের খাবার খাওয়ার জন্য ডাকতে এসে দেখেন সুবল চন্দ্রের হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে। মুখে ও বুকের উপর দুই বস্তা সার ও পায়ের উপর গ্যাসের একটি সিলিন্ডার দিয়ে চাপা দেওয়া আছে। এ সময় তার স্ত্রীর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলী ও অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

মুজিবনগর থানা ওসি আব্দুল হাশেম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে যে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যা সঠিক কারণ জানা যাবে।

ইত্তেফাক/এমআর