ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে বাক স্বাধীনতা থাকবে না :আইনমন্ত্রী

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ২২:৩২

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বাক স্বাধীনতার কথা বলে তাদের নেতা ড. কামাল হোসেন সাংবাদিকদের খামোশ বলে সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার খর্ব করেছেন। এতেই বোঝা যায় ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে জনগণের বাক স্বাধীনতা থাকবে না। গতকাল মঙ্গলবার দুপুরে আনিসুল হক কসবা উপজেলার শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, ঐক্যফ্রন্টের প্রার্থী যাদের মনোনয়নপত্র হাইকোর্ট বাতিল করেছে ওই সকল এলাকায় পুনরায় মির্জা ফখরুল প্রার্থী নির্বাচন করে চিঠি দিয়েছেন। যা কোনক্রমেই আইনগতভাবে সঠিক নয়। এ রকম হলে তাদের জন্য পুনরায় আইন প্রণয়ন করতে হবে।  এর আগে মন্ত্রী খাড়েরা ইউনিয়নের সোনাগাঁও মাদ্রাসা মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবু আবদুল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে একটি নির্বাচনী সভায় বক্তৃতা দেন। সেখানে মন্ত্রী বলেন, আমি আমার অধিকার নিয়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। আমি এলাকায় শতভাগ বিদ্যুতায়ন নিশ্চিত করেছি। ৯৫৫ জনকে সরকারি চাকরি দিয়েছি। এলাকার রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসার উন্নয়ন করেছি। আমার বিশ্বাস আপনারা আমাকে বিমুখ করবেন না। তখন হাজার হাজার মানুষ হাত নেড়ে মন্ত্রীকে সমর্থন জানান।