ঠাকুরগাঁওয়ে আলোচিত ইমাম হোসেন হিরাকে হত্যার দায়ে জাকির হোসেন ও খালেক নামে দুই ভাইকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিএম তারিকুল ইসলাম এ রায় প্রদান করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের বিজ্ঞ এপিপি অ্যাড. আব্দুল হামিদ। সেই সঙ্গে মামলা অপর আসামি খতেজা বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস প্রদান করেন।
যাবজ্জীবনপ্রাপ্ত দুই ভাই জাকির হোসেন ও খালেক দক্ষিণ সালন্দর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১০ অক্টোবর সন্ধায় শহরের শান্তিনগর মহল্লার নুরুল ইসলামের ছেলে ইমাম হোসেন হীরা তার ২ বন্ধুসহ আলাপ করছিল। ওইসময় পার্শবর্তী দক্ষিণ সালন্দর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাকির হোসেন ও তার ছোটভাই খালেক হিরার উপর হামলা চালায় এবং কাপড় কাটা কাচি দিয়ে হিরার পেটে ও বুকে অতর্কিতে কোপায়। এসময় গুরুতর অবস্থায় হীরাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে হিরা মারা যায়।
এ ঘটনায় নিহতের ভাই শাহজাহান বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি হত্যা মামলা করেন।
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামি মামলার আসামিদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।
অপরদিকে আসামিপক্ষে অ্যাড. মোস্তাক আলম টুলু জানান, আমাদের উচ্চ আদালতে আপিল করার সুযোগ আছে। আমরা সেখানে আপিল করবো।
ইত্তেফাক/আরকেজি
