নড়াইল-২ আসনে মহাজোটের মনোনীত প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নির্বাচনে জয়ী হলে নিষ্ঠার সঙ্গে এলাকার জনগণের সেবা করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, নৌকায় মনোনয়ন দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে সেই সেবা করার সুযোগ করে দিয়েছেন।
মাশরাফি গতকাল মঙ্গলবার লোহাগড়া উপজেলার দক্ষিণ এলাকার গ্রামগুলোতে দিনব্যাপী গণসংযোগ ও সভা করেছেন। সকালে তিনি এড়েন্দা বাসস্ট্যান্ড, ঝিকড়া গ্রাম, আমাদা, কোলা, দিঘলিয়া, বড়দিয়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। বিকালে কোটাকোল ইউপির মাইগ্রাম-মাটিয়াডাঙ্গা কলাগাছি আশ্রয়ণ প্রকল্পের মাঠে তেলকাড়া গ্রামের সৌদি প্রবাসী যুবলীগ নেতা এস, এম মিজানুর রহমান আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। মাশরাফি তাঁর বক্তব্যে বলেন, আপনারা নৌকায় ভোট দেবেন, আওয়ামী লীগ আবারো দেশসেবার সুযোগ পেলে আমি আপনাদের প্রত্যাশিত উন্নয়ন এনে দেবো। আসুন সবাই মিলে সুন্দর নড়াইল গড়ি।
এর আগে জনসভাস্থলে পৌঁছালে হাজারে হাজারে নারী-পুরুষ মাশরাফিকে ফুল দিয়ে বরণ করে নেন। মিজানুরের স্ত্রী ঝুমা মাশরাফিকে ফুল দিয়ে তৈরি মনোরম নৌকা উপহার দেন। ক্রিকেটের মাশরাফি রাজনীতির মাঠেও সমান ভালোবাসা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন।
উঠান বৈঠকে স্ত্রী: এদিকে, মাশরাফি বিন মর্তুজার স্ত্রী সুমনা হক সুমি গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোহাগড়া উপজেলার ৫টি ইউনিয়নে ১৫টি উঠান বৈঠকে অংশ নেন। এসব বৈঠকে তিনি বলেন, মাশরাফি নির্বাচনে প্রার্থী হয়েছে নিজের ভাগ্য উন্নয়নের জন্য নয়, তার নির্বাচনী এলাকা নড়াইল-লোহাগড়ার উন্নয়নের জন্য। তাই আগামী ৩০ ডিসেম্বর আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। এ সময় সুমির সঙ্গে ছিলেন লাহুড়িয়া ইউপির চেয়ারম্যান দাউদ হোসেন, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম কালু, যুবলীগ নেতা নূর আলম শিহাব, শরিফুল ইসলাম বাবলু, সুমির বোন সঞ্চিতা হক রিক্তা, সঞ্জিবা হক রিপা প্রমুখ।
