পুরনো রেকর্ড ভেঙে একটানা ৩২৮ দিন মহাকাশে কাটিয়ে পৃথিবীতে ফিরে এসেছেন নাসার নারী মহাকাশচারী ক্রিস্টিনা কোচ। নারীদের মধ্যে তিনিই এখন একটানা সবচেয়ে বেশি দিন পৃথিবীর বাইরে থাকার রেকর্ড গড়েছেন। পাশাপাশি নারী-পুরুষ মিলিয়ে এখন তিনি দ্বিতীয় স্থানে অবস্থান করছেন।
একটানা ৩২৮ দিন মহাকাশে কাটিয়ে ভেঙে পেলেন প্রায় আড়াই বছরের পুরনো রেকর্ড। আগের রেকর্ডটি ছিল তারই মেন্টর পেগি উইটসনের। তিনি একটানা মহাকাশে ছিলেন ২৮৯ দিন। তবে পৃথিবীর বাইরে একটানা সবচেয়ে বেশি দিন থাকার রেকর্ডটি এখনও অক্ষুণ্ন রয়েছে। এই রেকর্ডটি করেছিলেন মার্কিন নভোচারী স্কট কেলি। তিনি মোট ৩৪০ দিন মহাকাশে কাটিয়ে এসেছেন।
ক্রিস্টিনা কোচ পৃথিবীতে ফিরে আসায় টুইট করে অভিনন্দন জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া নাসাও টুইট করে অভিনন্দন জানিয়েছে তাকে। নাসা এক টুইট বার্তায় জানায়, মার্কিন নভোচারীদের মধ্যে এটাই দ্বিতীয় দীর্ঘতম মহাকাশ অভিযান। এখন পর্যন্ত সব মহাকাশ অভিযানের মিলিত সময় ধরলে ক্রিস্টিনার স্থান ছয় মার্কিনীর পর। এছাড়া গতবছর অক্টোবরে আরও একটি রেকর্ড গড়েছিলেন তিনি। সেখানে স্পেস ওয়াকে অংশ নেওয়া নভোচারীদের সব সদস্যই ছিলেন নারী। এর মধ্যে ক্রিস্টিনাও ছিলেন। এ অভিযানে ৩২৮ দিনে তিনি মোট ৬টি স্পেস ওয়াকে অংশ নেন।
