আরিচা বন্দর রক্ষায় বেড়িবাঁধ নির্মাণের দাবি

আপডেট : ০৮ মার্চ ২০২০, ১৯:৫০

অসময়ে যমুনার ভাঙনে হুমকির মুখে পড়েছে আরিচা নদী বন্দর, হাট-বাজারসহ বিভিন্ন স্থাপনা। ভাঙনের কবল থেকে আরিচা নদী বন্দর রক্ষায় স্থায়ীভাবে বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন শিবালয় বন্দর ব্যবসায়ী ও স্থানীয়রা। এখান থেকে সরকারের প্রতি বছর বিপুল পরিমাণ রাজস্ব আদায় হলেও বন্দর রক্ষায় তেমন কোনো পদক্ষেপ দেখা যায়নি। আসন্ন বর্ষা মৌসুমে এ বন্দর রক্ষা হবে কিনা তা নিয়ে শঙ্কিত স্থানীয়রা। 

সরজমিনে আরিচা ঘাটের ভাঙ্গন কবলিত এলাকায় গভীর পানি দেখা গেছে। তীব্র স্রোতে ‘কাটাল’ পড়ে সৃষ্টি হয়েছে ভাঙনের। ইতিমধ্যে বন্দর এলাকার কয়েকটি দোকান ঘর নদীতে ধ্বসে পড়েছে। 

ভাঙ্গন রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে ইতিমধ্যে স্থানীয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির পক্ষে পানি সম্পদ মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য মানিকগঞ্জ-১, জেলা প্রশাসক মানিকগঞ্জ, নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নির্বাহী প্রকৌশলী বিআইডব্লিউটিএ ও উপজেলা নির্বাহী অফিসার শিবালয় বরাবর আবেদন করা হয়েছে।

আরও পড়ুন: করোনা ভাইরাস: কোটালীপাড়ায় তুলসীপাতা নিয়ে গুজব

শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল লতিফ জানান, আরিচা ঘাট সংলগ্ন নিহালপুর এলাকা হতে দক্ষিণ শিবালয় পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকায় জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ নির্মাণ দরকার। নচেৎ আগামী বর্ষা মৌসুমে এ বন্দর রক্ষা করা সম্ভব হবে না।  

এব্যাপারে মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিন ইত্তেফাককে বলেন, প্রপোজাল ঊর্ধ্বতন মহলে প্রেরণ করা হয়েছে। বর্ষার আগেই কিছু জিও ব্যাগ ফেলা হবে। 

ইত্তেফাক/এসি