আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, দেশ এখন নির্বাচনী জোয়ারে ভাসছে। সবাই নির্বাচনমুখী। এদেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, কেউ অন্ধকারে ফিরে যেতে চায় না, কেউই জঙ্গিবাদের শাসন চায় না, হাওয়া ভবন চায় না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোট নিয়ে নৌকায় চড়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সংসদ নেতা হবেন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী তার নির্বাচনী এলাকা কাজিপুরের সোনামুখী ইউনিয়নের পারুলকান্দি ও চরকাদহে পৃথক দুটি বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বিএনপি-জামায়াত ও ঐক্যফ্রন্ট নেতাদের উদ্দেশ্য করে মোহাম্মদ নাসিম বলেন, সংসদ নির্বাচনে নাকে খত দিয়ে মাঠে খেলতে এসেছেন। সেটা ভালো কথা, কিন্তু ঠিক-ঠাকভাবে খেলবেন। যদি ফাউল করেন তাহলে জনগণ আপনাদের লাল কার্ড দেখিয়ে দিবে। প্রাকনির্বাচনী খেলায় আপনারা হেরে গেছেন। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ফাইনাল খেলায় জনগণ ভোট দিয়ে চূড়ান্তভাবে আপনাদের হারিয়ে দিবে। জনগণ ভোট দিয়ে আবারও নৌকার প্রার্থীদের বিজয়ী করবে। আগামী ৩০ ডিসেম্বর নির্বাচনে এদেশের মানুষ নৌকায় ভোট দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আবারও বিজয়ী করবে।
সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গ্রাম-গঞ্জে নির্বাচনী উত্সব শুরু হয়েছে। দেশ এখন নির্বাচনী জোয়ারে ভাসছে। নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে। পারুলকান্দি ও চরকাদহে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী মণ্ডল। সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক উজ্জল ভৌমিক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার ও ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী প্রমুখ।
ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকীতে
স্বাস্থ্যমন্ত্রীর শুভেচ্ছা
দৈনিক ইত্তেফাকের সম্পাদক তাসমিমা হোসেন, সকল পরিচালকসহ পত্রিকাটির সাংবাদিক, শ্রমিক-কর্মচারীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। গত ২৪ ডিসেম্বর ৬৬ বছরে পদার্পন করে দৈনিক ইত্তেফাক। এ উপলক্ষে এক বিবৃতিতে মোহাম্মদ নাসিম অভিনন্দন জানিয়ে বলেন, দেশের সাংবাদিকতা জগতের নক্ষত্র প্রয়াত তফাজ্জল হোসেন মানিক মিয়ার প্রতিষ্ঠিত দৈনিক ইত্তেফাক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারণে মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। ইত্তেফাককে ভালবাসি এবং প্রতি মুহূর্তে এর শুভ কামনা করি। বাংলাদেশ সৃষ্টির প্রত্যেকটি আন্দোলনের সঙ্গে ইত্তেফাক ওতপ্রোতভাবে জড়িত ছিল। গণমানুষের পত্রিকা হিসেবে দৈনিক ইত্তেফাক দীর্ঘদিন টিকে থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
