আমরা বহুকাল আগে থেকে পরিবারের মধ্যে বসবাস করি। এখন সেগুলো আমাদের নাটকে দেখা যায় না। মানুষ মা-বাবা, পরিবারহীন নাটক দেখে ক্লান্ত। রাস্তায় মানুষের সঙ্গে দেখা হলেই ভক্তরা বলেন, আমাদের ছেলেমেয়েদের কী মা-বাপ নেই। নাটকে তাদের এতিম দেখাচ্ছেন কেন। আমাদের ছেলেমেয়েরা কী এতিম? আমাদের নাটকের বাজেট কম। যে কারণে নাটক থেকে শিল্পী বাদ দেওয়ার একটা রীতি তৈরি হচ্ছে। কীভাবে শিল্পী কমানো যায়, সবার নজর সেদিকে। বাজেট কম বলে শিল্পী বাদ দিতে দিতে আজ নাটকের এই দশা। ২০ থেকে ৩০ বছর আগের নাটক দেখলে বোঝা যায়, মানুষ পারিবারিক নাটক কত পছন্দ করেন। অথচ সেই জায়গা থেকে আমরা সরে যাচ্ছি। ফ্যামিলি লাইফের প্রতি মানুষের যে আকর্ষণ ছিল, সেটা আস্তে আস্তে নষ্ট করে ফেলছি আমরা। এখন একটা বিচ্ছিন্নতাবাদী ধারণা চলে আসছে যে, আমি ছাড়া আর কেউ নেই। নিজস্ব জীবন ছাড়া আর কেউ থাকবে না। আমি আমার প্রেমিকা আর একটি মোবাইল ফোন থাকলেই আর কিছু লাগবে না। এখন এভাবেই সব চলছে।
বর্তমান নাটকে পরিবার না থাকা প্রসঙ্গে
বরেণ্য অভিনেতা আবুল হায়াত
