হোয়াইটওয়াশই হলো অস্ট্রেলিয়া

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২১:৪০

সিরিজের ফয়সালা হয়ে গিয়েছিল আগের ম্যাচেই। স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল তাই ধবলধোলাই এড়ানো। কিন্তু শেষ ম্যাচেও ছয় উইকেটের হার দক্ষিণ আফ্রিকার মাটিতে টানা দুটো হোয়াইটওয়াশ উপহার দিয়েছে অস্ট্রেলিয়াকে। শনিবার টস হেরে ব্যাটিংয়ে নামা অস্ট্রেলিয়া মার্নাস লাবুশেনের শতক সত্ত্বেও বড়ো সংগ্রহ গড়তে পারেনি। দোষটা বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতার। লাবুশেনের ১০৮-এর পর সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল ৩৬, ডার্সি শর্টের। ফলে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ২৫৪ রান তোলে অজিরা। জবাবে জন জন-স্মাটস, হেনরিখ ক্লাসেন আর কাইল ভেরেইনের অর্ধশতকে এ লক্ষ্য ২৭ বল বাকি থাকতেই তাড়া করে ফেলে প্রোটিয়ারা। ফলে দক্ষিণ আফ্রিকার মাটিতে টানা দ্বিতীয় ধবলধোলাই নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ১১ ম্যাচে এটি অস্ট্রেলিয়ার দশম হার।