এই সময়ের ছড়া
মোখতার আহমেদ
বলতে পারিস, মার্চ মাসের এই সাত-সতেরো-ছাব্বিশে
কী ঘটেছে? পারবি কি তা—নাকি বসে ভাববি সে?
ইতিহাসের তিন ঘটনা ঘটেছিল তিনদিন-এই,
অনন্য আর অতুল্যতায় যার কোনো দৃষ্টান্ত নেই!
সাতই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণটাই—
টলিয়েছিল জালেম শাসক ইয়াহিয়ার আসনটাই।
ইতিহাসের অংশ সে তাঁর বজ্রকণ্ঠ জয়ধ্বনি...
সাথেই তার দৃষ্টিকাড়া বিখ্যাত সেই তর্জনী।
ফরিদপুরের টুঙ্গিপাড়ায় আর সতেরো মার্চেই
জন্মেছিলেন বিশ্বখ্যাত মহান কর্মী-পুরুষ সেই!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—এই নামটি যাঁর—
জাতির পিতা, প্রতিষ্ঠাতা মুক্ত-স্বাধীন এ বাংলার।
ছাব্বিশে মার্চ ঘটেছিল ঘটনাটা যেই শেষের—
স্বাধীনতার ঘোষণা তাঁর অভ্যুদয়ের এই দেশের;
শুরু হলো মুক্তিযুদ্ধ—করবে না কেউ অস্বীকার—
যুদ্ধ করে বীর জনতা আনল কেড়ে মুক্তি তার।
