বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন চাই

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২১:৫৪

আমাদের দেশের খাদ্যে স্বয়ংসম্পূূর্ণতা অর্জনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান সবচাইতে বেশি। মেধাবী ছাত্রছাত্রীরাই এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং পাশ করে কৃষিবিদরা বিভিন্ন ক্যাডার সার্ভিস ও অন্যান্য চাকরিতে যোগ দিয়ে দেশকে সেবা দিয়ে যাচ্ছে। অথচ এখানকার সব ছাত্রছাত্রীর কপালে সমাবর্তন জোটে না। যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর সমাবর্তন হচ্ছে সেখানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রতি ৪-৫ বছর পর পর সমাবর্তন অনুষ্ঠিত হয় এবং বাদ পড়ে ২-৩ ব্যাচের সব শিক্ষার্থী। ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারিতে সর্বশেষ  ৭ম সমাবর্তন অনুষ্ঠিত হয়। ঐ সমাবর্তন সর্বশেষ ব্যাচ হিসাবে অন্তর্ভুক্ত ছিল ২০০৯-১০ সেশনের শিক্ষার্থীরা। ২০১৫ সালে পাশ করা ২০১০-১১ সেশনের শিক্ষার্থীরা ৭ম সমার্বতনে অন্তর্ভুক্ত ছিল না। ২০১০-১১ সেশনের শিক্ষার্থীদের কথা মাথায় রেখে ২০১৭ সালে আরেকটি সমাবর্তনের আয়োজন করার আশ্বাস দিয়েছিলেন তত্কালীন ভিসি স্যার। সপ্তম সমাবর্তনের পর চার বছর পার হলেও আর সমাবর্তন অনুষ্ঠিত হয়নি। সপ্তম সমার্তনের পর ছয় সেশনে অনার্স মাস্টার্স পাশ করা শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৭০০০। এই কয়েক বছরে যারা পাশ করেছে, তারা সবাই আগামী  সমাবর্তনে যাতে অন্তর্ভুক্ত থাকে সেই আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছে। আশা করি মুজিববর্ষে এমন একটা সমাবর্তন অনুষ্ঠিত হবে যে সমাবর্তনে ৭ম সমাবর্তনের পর পাশ করা সব শিক্ষার্থী অন্তর্ভুক্ত থাকবে। একজন গ্রাজুয়েটের অজন্ম লালিত স্বপ্ন বাস্তব করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

জাকির মাহমুদ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ