গেস্ট হাউজে ঢুকে সাংবাদিকদের ওপর হামলা

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৮, ০০:২৯

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি গেস্ট হাউজে ঢুকে সাংবাদিকদের ওপর সশস্ত্র হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় দৈনিক যুগান্তর ও যমুনা টেলিভিশনের ১০ সাংবাদিক আহত হয়েছেন। নির্বাচনী সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে প্রায় অর্ধশত সাংবাদিক ওই হোটেলে উঠেছিলেন বলে জানা গেছে। এসময় হামলাকারীরা গেস্ট হাউজের বাইরে থাকা সাংবাদিকদের ১৬টি গাড়ি ও গেস্ট হাউজের দরজা-জানালা ভাঙচুর করে। সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার কলাকোপায় শামীম গেস্ট হাউজে এই তাণ্ডব চালানো হয়। হামলাকারীরা হেলমেট ও মুখোশ পরে ছিল। তবে কারা, কী কারণে এই হামলা চালিয়েছে তা জানা যায়নি।

যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সুশান্ত সিনহা জানান, রাতে ১৫/২০ জন হামলাকারী ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে গেস্ট হাউজের ভিতরে প্রবেশ করে ভাঙচুর ও সাংবাদিকদের উপর হামলা চালায়। এসময় গেস্ট হাউজের ব্যবস্থাপক জুয়েল ছাড়াও ১০ জন সাংবাদিক আহত হন। হামলাকারীরা গেস্ট হাউজের বাইরে থাকা সাংবাদিকদের ১৬টি গাড়ি ভাঙচুর করে চলে যায়। তিনি আরো বলেন, গেস্ট হাউজে আমরা যমুনা টেলিভিশন ও যুগান্তরের ৪০ জন সাংবাদিক ছিলাম। সবাই সংবাদ সংগ্রহের জন্য এখানে এসেছি।

আক্রান্ত সাংবাদিকরা বলেন, হামলাকারীরা প্রায় ৩০ মিনিট তাণ্ডব চালিয়ে চলে যাবার প্রায় আধঘন্টা পর পুলিশ ঘটনাস্থলে আসে। অথচ গেস্ট হাউজ থেকে থানার দূরত্ব মাত্র পাঁচ মিনিটের পথ। তারা জানান, আহতদের স্থানীয় হাসপাতাল-ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে। তবে কেউই গুরুতর আহত হননি।

এদিকে যুগান্তর ও যমুনা টেলিভিশনের সাংবাদিকদের ওপর হামলার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সদ্য নির্বাচিত সভাপতি সাইফুল আলম। গতকাল মঙ্গলবার বিকালে নবাবগঞ্জ প্রেসক্লাবে এক  সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।