নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২১:৫৫

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে রবিবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

সিলেট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয় শোভাযাত্রা। বিশ্ববিদ্যালয়ের নারী সহকর্মীদের সামনে রেখে শোভাযাত্রায় নেতৃত্ব দেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। পরে মুজিববর্ষ উদ্যাপন কমিটির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুর : জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আসিব আহসান। পরে টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মহিলাবিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক কওসার পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. হিরম্বর কুমার রায়, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান রোজী রহমান, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি হাসনা বানু প্রমুখ।

গোপালগঞ্জ : গোপালগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতাল চত্বর থেকে র্যালি বের হয়ে হাসপাতাল এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাসপাতাল চত্বরে এসে শেষ হয়। পরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব চক্ষু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খুলনা : খুলনার পাবলিক হল চত্বরে আলোচনা সভা ও চার দিনব্যাপী মেলা উদ্বোধন করেছেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। এর আগে মেয়রের নেতৃত্বে নিউমার্কেট থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

কুমিল্লা : নগরীর টাউনহল থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা হয়। কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন।

মাদারীপুর : মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় স্বাধীনতা অঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মাহমুদা আক্তার কনা।

শরীয়তপুর : জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক খাদিজাতুন আসমার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কাজী আবু তাহের।

জয়পুরহাট : জয়পুরহাটে জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর থেকে র্যালি বের করা হয়। শেষে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

নীলফামারী : নীলফামারীতে আলোচনা সভা করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এলজিইডির নির্বাহী প্রকৌশলীর দপ্তর প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর।

নেত্রকোনা : জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তর, নারী প্রগতি সংঘসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। পরে  অতিরিক্ত জেলা প্রশাসক তাজুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে শহিদ মিনারে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি।

ব্রাহ্মণবাড়িয়া :স্থানীয় আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

ভোলা (দক্ষিণ) :জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক। ভোলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. ইকবাল হোসেন এতে সভাপতিত্ব করেন।

সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের করা হয়। এতে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-সিলেটের মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামিমা শাহরিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা প্রমুখ।

নোয়াখালী : জেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস। সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহার। এদিকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) কেক কেটে দিবসের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।

রাঙ্গামাটি : রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমির সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি ও হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক রিতা চাকমার সভাপতিত্বে ও হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রিনা চাকমা সঞ্চালনা করেন।

ইবি (কুষ্টিয়া) : বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের উদ্যোগে র্যালি বের করা হয়। এতে সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. মাহবুবর রহমান, হলের প্রভোস্ট প্রফেসর ড. সেলিনা নাসরিন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিশ্ববিদ্যালয়ের বাংলা মঞ্চ সংলগ্ন আম বাগানে পথসভায় বিশ্ববিদ্যালয়ের  প্রো-ভিসি  প্রফেসর ড. শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা প্রমুখ বক্তব্য রাখেন।

মাগুরা : কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। র্যালিতে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের এমপি অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

এছাড়া চাঁপাইনবাবগঞ্জ, শেরপুর, মৌলভীবাজার, পঞ্চগড়, তালা (সাতক্ষীরা), ছাগলনাইয়া (ফেনী), ত্রিশাল (ময়মনসিংহ) , রৌমারী (কুড়িগ্রাম), মঠবাড়িয়া (পিরোজপুর) , ভূঞাপুর (টাঙ্গাইল), বিরামপুর (দিনাজপুর), ঈশ্বরদী (পাবনা), গাইবান্ধার সুন্দরগঞ্জ, কুমিল্লার চৌদ্দগ্রাম, তিতাস, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ, সিরাজগঞ্জের কামারখন্দ, ঝিনাইদহের মহেশপুর, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, নওগাঁর নিয়ামতপুর ও রাণীনগর, চট্টগ্রামের চন্দনাইশ, হবিগঞ্জের নবীগঞ্জ, পটুয়াখালীর মীর্জাগঞ্জ, বগুড়ার সোনাতলা, ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল, ঢাকার দোহার ও নবাবগঞ্জ, রংপুরের গঙ্গাচড়া, নাটোরের লালপুর ও সিংড়া, লালমনিরহাটের পাটগ্রাম, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলাসহ সারাদেশেই দিবসটি উপলক্ষ্যে নানা আয়োজন করা হয়।