গুরুদাসপুরে থামছে না পিপলা নদীর মাটি বিক্রি

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২১:৫৬

ভাঙনের ঝুঁকিতে বিদ্যালয়, বসতবাড়ি, ফসলের মাঠ

নাটোর প্রতিনিধি

শুষ্ক মৌসুমে গুরুদাসপুরের প্রায় সবকটি নদনদী শুকিয়ে গেছে। সেই সুযোগে পিপলা নদীর থেকে মাটি কেটে অন্যত্র বিক্রি করছে প্রভাবশালী মহল। অনুমোদন ছাড়াই দিনমজুর ব্যবহার করে প্রকাশ্যেই চলছে এ খনন। এতে বর্ষায় নদী ভাঙনের ঝুঁকিতে পড়েছে নদীটির পাড় ঘেঁষা মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও মাঠসহ বসতবাড়ি। ঐ এলাকার মুক্তিযোদ্ধা আফসার আলী ফকির অভিযোগ করেন, পিপলার মাঝপাড়া গ্রামের একজনের নেতৃত্বে পিপলা নদীতে অবৈধভাবে নদী খনন চলছে। গ্রামের সবাই মিলে বাধা দেওয়ার পরও তাদের কাজ বন্ধ করছে না। ফলে বর্ষায় মাদ্রাসা, প্রাথমিক বিদ্যালয় ও মাঠসহ বসতবাড়ি ধসে যেতে পারে। সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, দিনমজুরের কোদাল দিয়ে নদীর মাটি কেটে ট্রলি ভর্তি করে পার্শ্ববর্তী এলাকায় নিয়ে গিয়ে বিক্রি করা হচ্ছে।   স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ বলেন, গ্রাম প্রধানদের সঙ্গে নিয়ে প্রতিবাদ করেছি। তারপরেও তারা তাদের ক্ষমতা দেখিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন বলেন, এর আগে তাদের কাজ বন্ধের জন্য আদেশ দেওয়া হয়েছিল। অবৈধভাবে নদী খনন করলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।