বরিশাল অফিস
‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ এই স্লোগানকে সামনে রেখে বরিশালে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপিত হচ্ছে। বেলা ১১টায় জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও বিভিন্ন উন্নয়ন সংগঠনের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অতিথিরা। পরে হলে সমাবেশ, আলোচনা সভা ও মুজিববর্ষ উপলক্ষ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ১১ নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন—রাবেয়া খাতুন, অধ্যাপক শাহ্ সাজেদা, পুষ্প চক্রবর্তী, নিগার সুলতানা হনুফা, কোহিনুর বেগম, ডা. বনলতা মুর্শিদা, আসমা চৌধুরী, হাসিনা বেগনীলা, রহিমা সুলতানা কাজল, রাশিদা বেগম ও নুরজাহান বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম বার, অতিরিক্ত পুলিশ সুপার মো. নাইমুল হক, তৌহিদুজ্জামান পাভেল, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক দিলারা খানম, বাংলাদেশ মহিলা পরিষদের জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুন, সচেতন নাগরিক কমিটির জেলা সভাপতি অধ্যাপক শাহ সাজেদা প্রমুখ। সবশেষে ব্র্যাকের আয়োজনে নারী দিবসের চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
