খুলনা অফিস
খুলনায় চাঞ্চল্যকর স্কুলশিক্ষক কাজী তাসফিন হোসেন তয়ন হত্যা মামলার রায়ে পাঁচ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন—কাজী মুরাদ হোসেন, কাজী রওনাকুল ইসলাম রনো, কাজী মো. ফরহাদ হোসেন, জাকির হোসেন ও মো. সাইফুল ইসলাম। এর মধ্যে জাকির পলাতক রয়েছেন। মামলার অপর দুই আসামি কাজী সাব্বির হোসেন ফাহিম ও কাজী মাসুমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
নিহত তয়ন নগরীর খালিশপুর থানার মুজগুন্নি মেইন রোডের কাজী ফেরদৌস হোসেন তোতার ছেলে। তিনি নগরীর মুজগুন্নি আবাসিক এলাকার আফজালের মোড়স্থ আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুলের শিক্ষক ছিলেন।
মামলার বিবরণে জানা যায়, কাজী তাসফিন হোসেন তয়ন ২০১৮ সালের ২৮ আগস্ট বিকালে নিখোঁজ হয়। ঐ ঘটনায় তার বাবা কাজী ফেরদৌস হোসেন তোতা ৮ সেপ্টেম্বর খালিশপুর থানায় মামলা করেন। খালিশপুর থানা পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে সন্দেহজনক আসামি সাইফুল ইসলাম গাজীকে গ্রেফতার করে। পরে সাইফুলের দেখানো মতে ডোবা থেকে পিলার ও বাঁশের সঙ্গে বাঁধা অবস্থায় তয়নের আংশিক গলিত লাশ পুলিশ উদ্ধার করে।
