টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা
টেকনাফে বনবিভাগের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়ে তিনটি অবৈধ সমিল জব্দ ও কাঠ উদ্ধার করেছে। রবিবার দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুর, র্যাব-১৫-এর (সিপিস-১) টেকনাফ ক্যাম্প কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব এবং রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদের নেতৃত্বে বনকর্মী, বনপাহারা দলের সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ ফোর্স অভিযান চালায়। এ সময় অবৈধভাবে চালিত উপজেলার হ্নীলা পানখালী আলী হোছাইন শোভন, মোহাম্মদ কামাল উদ্দিন ওরফে মাক্কালু ও দরগাহ পাড়ার মোহাম্মদ ইলিয়াছের সমিল উচ্ছেদপূর্বক যন্ত্রাংশ জব্দ করা হয়। এ সময় প্রায় ৫০ ফুট কাঠ উদ্ধার করা হয়। রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ জানান, বন ও বনজ সম্পদ রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে।
