শেয়ারবাজার.....
g ইত্তেফাক রিপোর্ট
বিভিন্ন প্রণোদনা দিয়েও শেয়ারবাজার চাঙ্গা হচ্ছে না। দু-একদিন উত্থান হলেও পতনের ধারা থেকে বের হতে পারছে না শেয়ারবাজার। গতকাল রবিবারও প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বড়ো ধরনের পতন হয়েছে।
অপরদিকে শেয়ারবাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে বিনিয়োগের জন্য ব্যাংকগুলোকে ২০০ কোটি টাকার বিশেষ তহবিল গঠনের সুযোগ দেওয়া হলেও ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সেভাবে বিনিয়োগে আসেনি। আবার যারা বিনিয়োগে আছে তারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ না করে সবাই ট্রেডারের ভূমিকায় রয়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের আস্থার সংকট তৈরি হচ্ছে। যার নেতিবাচক প্রভাব পড়ছে সার্বিক শেয়ারবাজারে।
গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৯৭ পয়েন্ট কমে ৪ হাজার ২৮৭ পয়েন্টে দাঁড়িয়েছে। দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ২৭ পয়েন্ট কমে ১ হাজার ৪৩৫ পয়েন্টে নেমে গেছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ১৬ পয়েন্ট কমে ৯৯৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে সবকটি মূল্যসূচকের পতনের পাশাপাশি লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। দিনভর বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩০৪টির। আর ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৪২৮ কোটি ৯২ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪১৫ কোটি ১৩ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৭৯ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে ভিএফএস থ্রেড ডাইংয়ের শেয়ার। কোম্পানিটির ১৩ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালের শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ২৮ লাখ টাকা। ৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে—খুলনা পাওয়ার, নাহি অ্যালুমিনিয়াম, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, মুন্নু জুট স্টাফলার্স, লাফার্জহোলসিম বাংলাদেশ এবং জিনেক্স ইনফোসিস।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩০৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এ বাজারে লেনদেন হয়েছে ২০ কোটি ৮ লাখ টাকা। গতকাল লেনদেনে অংশ নেওয়া ২৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে ৩১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৬টির এবং ১৮টির দাম অপরিবর্তিত রয়েছে।
