সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সোনারগাঁওয়ের জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় পুকুরের মাটি কেটে ইট ভাটায় বিক্রি করতে বাধা দেওয়ায় নারায়ণগঞ্জ জজকোর্টের এক আইনজীবীর ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগ উঠেছে কথিত ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। শনিবার দুপুরে পেরাব এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঐ আইনজীবী খন্দকার মিকাইল হোসেন বাদী হয়ে একই দিন রাতে তালতলা তদন্ত কেন্দ্রে একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে ঐ আইনজীবী উল্লেখ করেন, উপজেলার জামপুর ইউনিয়নের পেরাব এলাকায় তার ১২ বিঘার একটি পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছিলেন খন্দকার মো. মিকাইল হোসেন। তিনি আরো অধিক পরিমাণে মাছ চাষের জন্য নিজ পুকুরে খনন কাজ শুরু করেন। শনিবার দুপুরে একই এলাকার কথিত ছাত্রলীগ নেতা মো. রিয়েল মোল্লা, ফয়সাল, সালাউদ্দিন, ফারুক, মোহাম্মদ আলীসহ ৮-১০ জনের একটি দল মাটি খনন কাজে বাধা দিয়ে ঐ পুকুরের মাটি জোরপূর্বক ইটভাটায় নেওয়ার চেষ্টা করে। এতে মিকাইল হোসেন বাধা দিলে কথিত ছাত্রলীগ নেতারা মাটির বদলে আইনজীবীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা দিতে অস্বীকার করায় তারা মিকাইল হোসেনকে মারধর এবং একপর্যায়ে তাকে লক্ষ্য করে দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।
এ ঘটনায় কথিত ছাত্রলীগ নেতা রিয়েল ও ফয়সালের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করে জানান, তারা ঐ পুকুরের মাটি কিনতে চেয়েছিলেন। চাঁদা দাবি করেননি। তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) খোরশেদ আলম জানান, এ বিষয়ে তিনি অবগত নন। এ ধরনের কোনো ঘটনা ঘটলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
