ব্লু ইকোনমি বিকাশে বাংলাদেশ ও ভিয়েতনাম একসঙ্গে কাজ করবে

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২২:২৬

ইত্তেফাক রিপোর্ট

ব্লু ইকোনমির বিকাশে বাংলাদেশ ও ভিয়েতনাম একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি বলেন, ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগিয়ে আমরা ভিয়েতনামে সামুদ্রিক মত্স্য রপ্তানি করতে পারি। মাংস রপ্তানিতেও আমাদের সম্ভাবনা রয়েছে। আমরা যৌথভাবে এ ব্যাপারে কাজ করতে চাই। গতকাল সচিবালয়ে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ফাম ভিয়েত চিয়েন এক সাক্ষাতে তিনি এসব কথা বলেন।

এ সময় ভিয়েতনামের রাষ্ট্রদূত বলেন, ভিয়েতনামের কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এবং বাংলাদেশের মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে মত্স্য ও প্রাণিসম্পদ খাতে বিভিন্ন ধরনের তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ে একসঙ্গে কাজ করতে পারে। এতে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে। এ বছর ভিয়েতনামের কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রীর বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে বলেও রাষ্ট্রদূত মন্ত্রীকে অবহিত করেন।

মতবিনিময় শেষে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ভিয়েতনামের রাষ্ট্রদূতের হাতে মুজিববর্ষের স্মারক তুলে দেন এবং ভিয়েতনামের রাষ্ট্রদূত মন্ত্রীর হাতে ভিয়েতনামের ঐতিহ্য সম্বলিত একটি ক্রেস্ট তুলে দেন।

বৈঠকে মত্স্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার এবং বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এস এম রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।