ভাষাশহিদ ও ভাষাসৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে হাইকোর্টের নির্দেশ

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২২:২৬

ইত্তেফাক রিপোর্ট

ভাষাশহিদ ও ভাষাসৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একটি কমিটি গঠন করে আগামী ছয় মাসের মধ্যে এ তালিকা তৈরি করে তা আদালতে দাখিল করতে সংস্কৃতিসচিবকে নির্দেশ দিয়েছে আদালত। এ-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে সুবীরনন্দী দাস ও ইশরাত হাসান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার শুনানি করেন। অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, আদালত ছয় মাসের মধ্যে ভাষাশহিদ ও ভাষাসৈনিকদের পূর্ণাঙ্গ তালিকা করতে নির্দেশ দিয়েছে। সংস্কৃতিসচিবের নেতৃত্বে সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে কমিটি করে এই তালিকা করতে হবে। দুই মাস পর কমিটি গঠনের রূপরেখা ও তালিকার অগ্রগতি নিয়ে সংস্কৃতিসচিবকে একটি প্রতিবেদন দিতে বলেছে আদালত।

ভাষাশহিদ ও ভাষাসৈনিকদের রাষ্ট্রীয় সম্মান ও সম্মানী ভাতা এবং ভাষা আন্দোলনের স্মৃতি সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে এ রিট করা হয়। এতে ভাষাসৈনিক ও ভাষাশহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে আদালতের নির্দেশনা চাওয়া হয়।