ইত্তেফাক রিপোর্ট
আগামী ১৭ মার্চ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। গতকাল এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু কোনো দলের একক সম্পদ নন। তিনি দলমত নির্বিশেষে বাঙালি জাতির সম্পদ। তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি।
জি এম কাদের বলেন, প্রত্যেক জাতির সামনে একজন আদর্শ নেতার প্রয়োজন। যার কর্মময় জীবন অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে পারে। বঙ্গবন্ধু সে ধরনেরই একজন মানুষ। তার জীবনের বিভিন্ন দিকগুলো উপস্থাপন করলে নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামনে চলার অনুপ্রেরণা পাবে এবং তাদের মধ্যে দেশের সেবায় নিজেদের উত্সর্গ করার মানসিকতা তৈরি হবে। বাঙালি জাতির হাজার বছরের ইতিহাসে এ ধরনের নেতৃত্ব কখনোই কেউ দিতে সক্ষম হননি। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তার এই সফর বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুমধুর ও বেগবান করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
