আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাত নারীর কাছে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তুলে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল সকালে টুইট করে প্রধানমন্ত্রী মোদি এই তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির
প্রধানমন্ত্রী মোদি জানান, তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো থেকে লগ আউট করছেন এবং তা দিচ্ছেন সাত জন নারীকে। আন্তর্জাতিক নারী দিবসে তারা তাদের জীবনযাত্রার কথা শেয়ার করবেন ঐ অ্যাকাউন্টগুলোর মাধ্যমে। তিনি টুইটার বার্তায় আরো জানান, ‘আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। আমরা আমাদের নারীশক্তির উদ্দীপনা ও সাফল্যকে স্যালুট জানাই। যেমন কদিন আগে বলেছিলাম সেভাবেই আমি সাইন অফ করলাম। সারাদিন ধরে সাত জন নারী অর্জনকারী নিজেদের জীবনযাত্রার কথা শেয়ার করবেন ও হয়তো আপনাদের সঙ্গে মতের আদান-প্রদানও করবেন আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে’।
তিনি আরো লেখেন, ‘দেশের সব অংশেই অসামান্য সব নারী অর্জনকারী রয়েছেন ভারতে। এই নারীরা বিভিন্ন ক্ষেত্রে দারুণ কাজ করেছেন। তাদের লড়াই ও আকাঙ্ক্ষা লাখ লাখ মানুষকে উদ্দীপিত করছে। আসুন আমরা সেই সব নারীর সাফল্যকে উদ্যাপন করি এবং তাদের থেকে শিখি’।
প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডল থেকে প্রথম টুইট করেছেন স্নেহা মোহান্ডোস। তিনি ভারতের ফুড ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা। তিনি জানান, ‘আপনারা চিন্তার জন্য খাদ্যের কথা শুনেছেন। এবার সময় এসেছে আমাদের দরিদ্রদের সুন্দর ভবিষ্যতের জন্য। হ্যালো আমি স্নেহা মোহান্ডোস। আমার মায়ের দ্বারা অনুপ্রাণিত। যিনি ঘরছাড়াদের মুখে খাবার তুলে দিতেন। আমি শুরু করেছি ফুড ব্যাঙ্ক ইন্ডিয়া’।
