উন্নত বাংলাদেশ গড়ার পথে নারী-পুরুষের সমতা নিশ্চিত করতে হবে। আজকের তরুণরাই ২০৪১ সালে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি উন্নত ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলবে। দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাবে। তাই এখন লিঙ্গ সমতা নিশ্চিত হলে ক্ষমতায়নেও সাম্য প্রতিষ্ঠা হবে। গতকাল মিরপুরে ইউসেপ মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ইউসেপ বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে এনজিও ব্যুরোর মহাপরিচালক কে এম আব্দুস সালাম বলেন, দেশে মেয়েরা এগিয়ে যাচ্ছে এবং সামনে তাদের কাজ ও নেতৃত্বের মাধ্যমে আরো অগ্রসর হবে। এ জন্য নারীদের নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার পেইনি মরটোন, ইউসেপ বাংলাদেশের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জে এল ভৌমিক ও নির্বাহী পরিচালক তাহসিনাহ আহমেদ।
