দেশে বাণিজ্য ক্ষেত্রে করোনা ভাইরাসের প্রভাব গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, প্রয়োজনে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। গতকাল স্থানীয় একটি হোটেলে বাংলাদেশ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিযোগিতামূলক বিশ্ববাণিজ্যে নতুন নতুন সমস্যা দেখা দেয়। এজন্য প্রচলিত নিয়ম-কানুনগুলোরও পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, ওয়ার্ল্ড বিজনেস অর্গানাইজেশনের সহায়তায় সময়ে সময়ে তাল মিলিয়ে নতুন রুলস প্রবর্তন করা হয়। এজন্য নিউ ইনকোটার্মস-২০২০ রুলস চালু হতে যাচ্ছে। বাণিজ্যমন্ত্রী বলেন, প্রতিযোগিতা করেই বাংলাদেশকে বিশ্ববাণিজ্যে এগিয়ে যেতে হবে। বাণিজ্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাণিজ্য বিরোধও বাড়বে, এটাই স্বাভাবিক। নতুন সমস্যা সমাধানে প্রয়োজন নতুন নিয়মকানুন। নতুন নতুন বাণিজ্য বিরোধ সমাধানে নিউ ইনকোটার্মস-২০২০ রুলস অধিক কার্যকর হবে বলে বিশ্বাস করি।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট মাহবুবুর রহমান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান এবং আইসিসি বাংলাদেশ ব্যাংকিং কমিশনের চেয়ারম্যান এবং সিইও মুহাম্মদ এ রুমি আলী।
