তিন দিনে আট লাশ উদ্ধার নববধূ এখনো নিখোঁজ

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২২:৩৭

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে পদ্মায় নৌকাডুবির ঘটনায় প্রথম দিন একটি, দ্বিতীয় দিন পাঁচটি এবং তৃতীয় দিন দুইটি লাশসহ দ্বিতীয় নৌকা উদ্ধার হলেও এখনো উদ্ধার হননি নববধূ সুইটি খাতুন পূর্ণিমা। গতকাল রবিবার দুপুর দেড়টার দিকে নববধূর ফুপাতো বোন অষ্টম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার স্বর্ণা (১২) এবং দুপুর পৌনে ৩টার দিকে চাচি আঁখি খাতুনের (৩০) লাশ উদ্ধার করা হয়। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় নৌকাটি উদ্ধার করেন ডুবুরিরা।

নববধূর সঙ্গে একই নৌকায় ছিলেন আত্মীয় টুলু বেগম (৩০)। রবিবার তিনি সাংবাদিকদের বলেন, ‘গায়ের শাড়ি খুলে ফেলে একটি চরাট ধরে ভাসছিলাম। এ সময় দেখি সুইটি হাবুডুবু খাচ্ছে। কপালের টিকলি দেখে তাকে চিনতে পারি। বাঁচার জন্য  সুইটিকে কাপড় খুলে ফেলতে বলি। সুইটি কাপড় খোলার চেষ্টা করতে যাচ্ছিল। পরক্ষণেই তাকিয়ে দেখি সুইটি আর নেই।’জানা যায়, সুইটি খাতুনের বাবা শাহীন আলী একজন ট্রাক শ্রমিক। বাড়ি রাজশাহীর পবা উপজেলার ডাঙ্গেরহাট গ্রামে। বর আসাদুজ্জামান রুমন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড বয়। তার বাড়ি উপজেলার চরখানপুর গ্রামে। গ্রামটি পদ্মা নদীর ওপারে। শুক্রবার বরের বাড়িতে বউভাতের অনুষ্ঠান শেষে ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে নৌকাডুবির ঘটনাটি ঘটে।