জি কে শামীম জামিন পায়, খালেদা জিয়া পান না :ফখরুল

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২২:৩৯

ইত্তেফাক রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আবেদন করা হয়েছে সে বিষয়ে ‘কিছু জানেন না’ বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেখানে জি কে শামীমের মতো এক জন কুখ্যাত সন্ত্রাসী ও ক্যাসিনোর হোতাকে জামিন দেওয়া হয়েছে অথচ খালেদা জিয়া জামিন পান না। এতে প্রমাণিত হয়, দেশে আইনের শাসন বলে কিছু নেই। এটা এখন একনায়কতান্ত্রিক স্বৈরাচারের দেশে পরিণত হয়েছে। গতকাল গাজীপুর জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন। সরকার প্যারোলে মুক্তি দেওয়ার বিষয়ে আশ্বস্ত করলে আপনারা আবেদন করবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আগেও বলেছি, এটা তার (খালেদা জিয়া) ব্যক্তিগত এবং পরিবারের বিষয়।

বিএনপি মহাসচিব বলেন, রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠান এখন ধ্বংস হয়ে গেছে। এ জন্য দায়ী এই সরকার। যেহেতু সরকার জনগণের কোনো প্রতিনিধিত্ব করে না। যেহেতু জনগণ তাদের সঙ্গে নেই। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ফজলুল মিলন, সদস্য সচিব কাজী সাইয়েদুল হক বাবুল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহীদুল ইসলাম বাবুল, গাজীপুর জেলার নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, হুমায়ুন কবির খান, শাহ রেজাউল হান্নান, সাখাওয়াত হোসেন সবুজ, রাশেদুল হক প্রমুখ।