খালেদা জিয়ার মুক্তি চেয়ে ভাইয়ের আবেদন দল কিছু জানে না

আপডেট : ০৮ মার্চ ২০২০, ২২:৪০

ইত্তেফাক রিপোর্ট

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিত্সার জন্য সাময়িক কারামুক্তি চেয়ে সরকারের কাছে আবেদন করেছে তার পরিবার। গত বুধবার খালেদা জিয়ার ছোটো ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর এ চিঠি দেন। তবে চিঠিতে প্যারোলের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আবেদন করা হয়েছে তাতে কী আছে তা জানা নেই।  এ বিষয় সম্পূর্ণ তার ও তার পরিবারের ব্যাপার। তবে দলের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

ঐ চিঠিতে শামীম ইস্কান্দার জানান, ‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার দ্রুত উন্নত চিকিত্সা প্রয়োজন। উন্নত চিকিত্সার লক্ষ্যে তাকে সাময়িক মুক্তি দেওয়া হোক।’ এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি। খালেদা জিয়ার মুক্তি নিয়ে সরকার ও বিএনপি এবং তার পরিবারের মধ্যে একটা সমঝোতা চলছে বলে গুঞ্জন রয়েছে। সূত্র আরো জানায়, পরিবারের করা আবেদনের প্রেক্ষিতে সরকার ইতিবাচক মনোভাব দেখালে খালেদা জিয়া শেষ মুহূর্তে প্যারোলের জন্য আবেদন করতে পারেন। এ ব্যাপারে তার সম্মতি নিতে পরিবারের পক্ষ থেকে বার বার চাপ দেওয়া হচ্ছে। শনিবারও পরিবারের সদস্যরা তার সঙ্গে হাসপাতালে দেখা করেন। সেখানে তারা জামিন ও প্যারোলের বিষয় নিয়ে আলোচনা করেন। খালেদা জিয়ার ব্যক্তিগত এক জন কর্মকর্তা জানান, শামীম ইস্কান্দার নিজেই মন্ত্রণালয়ে গিয়ে চিঠিটি দিয়ে এসেছেন। চিঠিতে কি লেখা হয়েছে, সেটা তিনি জানেন না।