ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর খিলগাঁও এলাকায় আলভি ও জান্নাত নামে দুই শিশুকে গলা কেটে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। শনিবার সন্ধ্যায় নিহতদের বাবা মোজাম্মেল হোসেন বিপ্লব বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে দুই শিশুর মা আকতারুন্নেসা পপিকে।
নিহত দুই শিশুকে বাবার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখান এলাকায় শনিবার দাফন করা হয়েছে। এ বিষয়ে খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, মামলাটি তদন্ত করছে পুলিশ। মামলার একমাত্র আসামি ঢামেক হাসপাতালে পুলিশের প্রহরায় চিকিত্সাধীন আছেন। সুস্থ হলে তাকে আদালতে পাঠানো হবে। উল্লেখ্য, শুক্রবার রাতে খিলগাঁওয়ের দক্ষিণ গোড়ান এলাকায় মোল্লা ভবনে আলভি ও জান্নাতকে তার মা পপি ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে পপি ঐ ঘটনা ঘটিয়েছেন।
