সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা আজ

আপডেট : ০৯ মার্চ ২০২০, ০০:৩১

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উত্সব দোল পূর্ণিমা আজ। দোলযাত্রা ও গৌর পূর্ণিমা উপলক্ষ্যে আজ দেশের বিভিন্ন মন্দিরে পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হবে। দোলযাত্রা বৈষ্ণবদের উত্সব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উত্পত্তি। এ কারণে দোলযাত্রার দিন এ মতের বিশ্বাসীরা রাধা-কৃষ্ণের বিগ্রহ আবিরে রাঙিয়ে দোলায় চড়িয়ে নগর কীর্তনে বের হন। এ সময় তারা রং খেলার আনন্দে মেতে ওঠেন।

বিশ্বের অনেক দেশে উত্সবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে অধিক পরিচিত হলেও ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, ওড়িশা প্রভৃতি স্থানে দোল উত্সব এবং উত্তর, পশ্চিম ও মধ্য ভারত ও নেপালে ‘হোলি’ নামে পরিচিত। কোনো-কোনো স্থানে এ উত্সবকে বসন্ত উত্সবও বলা হয়। দ্বাপর যুগ থেকে পুষ্পরেণু ছিটিয়ে রাধা-কৃষ্ণ দোল উত্সব করতেন। সময়ের বিবর্তনে পুষ্পরেণুর জায়গায় এসেছে ‘আবির’। হিন্দু ধর্মাবলম্বীরা পরস্পরকে আবির মাখিয়ে এ উত্সব উদ্যাপন করেন।